প্রজন্ম২৪ ডেস্ক
রাজধানী ঢাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার আওতায় অন্তর্ভুক্তির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পভুক্ত অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সরকার বলছে, পূর্বাচল প্রকল্পটি তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় নানা সীমাবদ্ধতা দেখা দিচ্ছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ড্রেন নির্মাণ, সড়কবাতি ও মশক নিয়ন্ত্রণসহ সব নাগরিক সেবা সহজ হবে।
এছাড়া, আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতি বছর ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালন করা হবে।
মন্ত্রিসভা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগে বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে পুঁজিবাজারে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ সহজ হবে বলে মনে করছে সরকার।
একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ক্ষেত্রেও। চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যাতে বীমা খাতে যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ে।
সবশেষে, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ‘সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা (সংশোধন) আইন, ২০২৬’ অনুযায়ী এই সুবিধা আর থাকছে না।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।