রোকসানা আক্তার পিংকি
, রাঙ্গামাটি
রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
নিহত সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রী সাজেদার সাথে সাজেদুল হকের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ক্ষোভে নিজের রুমের দরজা বন্ধ করে ভেতরে গলায় ফাঁস দেন। বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এবং বারবার ডাকার পরও দরজা না খোলায় তাঁর স্ত্রী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা রুমের দরজা ভেঙে সাজেদুল হকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিব জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।