রুহুল কুদ্দস
, মণিরামপুর
গ্রাম-বাংলা জনকল্যাণ সংস্থার আয়োজনে রাজগঞ্জ অঞ্চলে একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল স্থাপনের দাবিতে ৩০ মে (শনিবার) সকাল ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ, এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলজি), অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিনাল কান্তি দাস, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল; অধ্যাপক ডা. এ. এইচ. এম. আব্দুর রউফ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমপিএইচ, ডি-অর্থো, অর্থোপেডিক সার্জন; এবং ডা. তোফাজ্জল হোসেন, এমবিবিএস, আরডিএমএস, সনোলজিস্ট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যশোর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।
সভায় বক্তারা বলেন, রাজগঞ্জ ও আশপাশের এলাকার বিপুল জনগোষ্ঠী মা ও শিশু স্বাস্থ্যসেবার জন্য দীর্ঘদিন ধরে একটি বিশেষায়িত হাসপাতালের দাবি জানিয়ে আসছেন। বর্তমানে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের জন্য রোগীদের জেলা সদর কিংবা রাজধানীতে যেতে হয়। ফলে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি রোগীদের দুর্ভোগও বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। রাজগঞ্জের ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার কথা বিবেচনায় নিয়ে এখানে একটি মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হলে বৃহত্তর এলাকার মানুষ উপকৃত হবেন।
সভাপতির বক্তব্যে মাসুদ কামাল তুষার বলেন, রাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো একটি মা ও শিশু হাসপাতাল। এ দাবি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
সভায় উপস্থিত বক্তারা দ্রুত রাজগঞ্জে মা ও শিশু হাসপাতাল স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। সভা শেষে এ দাবির পক্ষে গণসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার