ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি:আন্তঃজেলা চক্রের ২ সদস্য আটক

বিশেষ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:০৬ এ এম
মণিরামপুরে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি:আন্তঃজেলা চক্রের ২ সদস্য আটক

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুক্রবার ভোররাতে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছে, খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী (৩৫) এবং একই গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ছয়টি এবং অপরজনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে মণিরামপুরের রোহিতা বাজারে ‘জাহিদ টেলিকম’ নামের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেন আছরের নামাজ আদায় করতে যান। যাওয়ার সময় তিনি দোকানের ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে কলাপসিবল গেট টেনে দেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন দোকানের গেট খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে সব টাকা চুরি হয়ে গেছে।
ঘটনার পর ডিবির সাইবার ক্রাইম ইউনিট তদন্তে নামে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে পাইকগাছায় নিজ বাড়ি থেকে প্রথমে মমিন গাজীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোবহান গাজীর বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে তার ঘরের বিছানার চাদরের নিচ থেকে ৫০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর সকাল ৬টা ৪০ মিনিটে নোয়াকাটি এলাকা থেকে চক্রের আরেক সদস্য রফিক গাজীকে আটক করা হয়।
ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, মমিন গাজীর বিরুদ্ধে চারটি এবং রফিক গাজীর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। চক্রের পলাতক সদস্য সোবহান গাজীসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক মমিন গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)