প্রজন্ম২৪ ডেস্ক
সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে আসা চারজনকে অপহরণের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বোহাইল চরে এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানার মহর কয়া গ্রামের ইউনুস আলী (৫৫), ফারুক মন্ডল (৪০), বাদিকুল গ্রামের মাফের মন্ডল (৪০) ও মাসুদ মন্ডল (৩২)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নাটোর থেকে আসা ৮ জন ব্যক্তি শতাধিক মহিষ নিয়ে বেহাইল চরে তাবু টানিয়ে রাত যাপন করছিলেন। রাত দেড়টার দিকে ১৫-২০ জন ব্যক্তি নৌকা যোগে এসে চারজনের হাত-পা বেঁধে অপর চারজনকে অপহরণ করে নৌকা যোগে নিয়ে যায়।
সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণের কারণ এখনও জানা যায়নি। অপহৃতদের উদ্ধারের জন্য নৌ পুলিশ কাজ করছে।