রুহুল কুদ্দুস
, মণিরামপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে মোঃ জাহিদ হোসেন (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন যশোরের মনিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলামের ছেলে। তিনি রাজগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডের একজন পরিচিত চালক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে যাত্রী নামিয়ে ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জাহিদ। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের সজোরে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, জাহিদ হোসেন বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, সন্তান ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, জাহিদের অকাল মৃত্যুতে গৌরিপুর গ্রামসহ রাজগঞ্জ এলাকার চালক সমাজ ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন